ঢাকা, বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬

ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় ক্রিকেট লিগের দল ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কাভার্ড ভ্যান থেকে ৮টি লাগেজ চুরি হয়েছে। পরে রাজশাহী জেলা পুলিশ ও বিসিবির নিরাপত্তা বিভাগের তৎপরতায় উদ্ধার হয় বেশিরভাগ মালামাল।

ক্রিকেটাররা বিমানে এবং তাদের কিটব্যাগ কাভার্ড ভ্যান করে এক শহর থেকে আরেক শহরে যায়। ঢাকাতেও দলের বাসের সঙ্গে থাকে কাভার্ড ভ্যান। আলাদা কাভার্ড ভ্যানে ক্রিকেটারদের কিট ব্যাগ আনা-নেওয়া করা হয়। জাতীয় ক্রিকেট লিগের পরের রাউন্ডের ম্যাচ খেলতে মঙ্গলবার রাজশাহীতে যান ক্রিকেটাররা। তাদের কিট ব্যাগ রওণা হয় রাতে। কিন্তু পরদিন ব্যাগ গ্রহণ করতে গিয়ে কর্মকর্তারা দেখতে পায়, ৮টি লাগেজ মিসিং।

কাভার্ড ভ্যান থেকে চুরি হয় স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের মোট ৮টি লাগেজ। তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন মেহেরব।

তিনি বলেন, লাগেজগুলোর মধ্যে নিজেদের ব্যবহৃত জামাকাপড়ের পাশাপাশি তার পাসপোর্ট, একটি আইফোন, নগদ তিন লাখ টাকা ও ৩০০ ডলারের পাশাপাশি কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী ছিল। এছাড়া মোহরের ব্যাগেও মূল্যবান ইলেক্ট্রনিকস সামগ্রী থাকার কথা বলা হয় অভিযোগে। আব্দুল কাদেরের ব্যাগে স্পাইকের পাশাপাশি খেলার সরঞ্জাম ছিল।

পরবর্তীতে রাজশাহী ও নাটোর জেলা পুলিশের সহযোগিতায় কয়েকটি ব্যাগ ও জিনিসপত্র উদ্ধার করা হয়। পুলিশ পরবর্তীতে উদ্ধারকৃত জিনিসপত্র বুঝিয়ে দেয়। চুরির সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। বাকি থাকা মালামালও উদ্ধারের আশা করছেন তারা।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি